ইউএপি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাবের কুমিল্লা ভ্রমণ

ইউএপি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ ক্লাব, ডিএসডাব্লিও এবার চলে গিয়েছিল কুমিল্লা ভ্রমণে। সকাল ৮টায় রওনা হয়ে কুমিল্লা পৌঁছে প্রথমেই ময়নামতি জাদুঘর দিয়ে শুরু হয়৷ ময়নামতি জাদুঘর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসাবে বাংলাদেশের একটি গুরত্বপূর্ণ স্থান।

এখানে ৪২টি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগারে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ ও পাথরের ছোট-বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘন্টা, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, কাঠের নিদর্শন, মৃৎশিল্প নিদর্শন এবং প্রাচীন হস্তলিপির পাণ্ডুলিপি উল্লেখযোগ্য। এরপর শালবন বিহার পরিদর্শন করা হয়৷

কোটবাড়ি এলাকায় ১৮৭৫ সালে রাস্তা তৈরির সময় একটি মারতের ধ্বংশাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দূর্গের অংশ হিসাবে ধারণা করা হচ্ছিল। ১৯১৭ সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনী কান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষন করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন।

তবে ধারণা করা হয় এই বিহারটি ৭ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় শালবন বিহারের ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনঃনির্মাণের কথা জানা যায়। মনে করা হয়, ৮ম শতাব্দীর মধ্যে ৩য় বারের মত কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার হয়। পর্যায়ক্রমে ৮ম ও ৯ম শতাব্দীতে ৪র্থ ও ৫ম বারের মত বিহারটি সংস্কার করা হয়।

ভ্রমণের শেষ পর্বে ওয়ার সিমেট্রি ঘুরে দেখানো হয়৷ কমনওয়েলথ সমাধিক্ষেত্র বা ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩৭ জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন। যার মধ্যে যুদ্ধে নিহত সৈন্য ছাড়াও ২৪ জন জাপানি যুদ্ধবন্দি এবং ১ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

এই ভ্রমণে ক্লাব সদস্যদের সঙ্গে ছিলেন ক্লাব উপদেস্টা জনাব ফারহানা আখতার আঁখি, জনাব তাকাদ আহমেদ চৌধুরি, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ এবং জনাব সামসুন নাহার, সহকারী অধ্যাপক, বেসিক সায়েন্সেস এণ্ড হিউম্যানিটিজ বিভাগ।